১০ বছরেই বাজিমাত, শূন্য থেকে শীর্ষে বাংলার টেলিকম বাজারে কীভাবে রাজ করছে জিও!
বার্তা ডেস্কঃ
২০১৬ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে মাত্র এক দশকেই পশ্চিমবঙ্গের টেলিকম বাজারে আমূল পরিবর্তন এনেছে রিলায়েন্স জিও। শূন্য থেকে শুরু করে প্রথম মাসেই ৫.৪ লক্ষ গ্রাহক যুক্ত করে চমক দিয়েছিল মুকেশ আম্বানির এই সংস্থা। ২০২৬ সালের জুনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট ৫৮৬.৬ লক্ষ ওয়্যারলেস সংযোগের মধ্যে ২৬৪.৯ লক্ষ গ্রাহক নিয়ে শীর্ষস্থানে রয়েছে তারা। জিওর দখলে এখন রাজ্যের ৪৫.২ শতাংশ বাজার-অংশীদারিত্ব, যেখানে তাদের চক্রবৃদ্ধি হারে বৃদ্ধির পরিমাণ (CAGR) ৪৯.১ শতাংশ।
জিওর এই অভাবনীয় উত্থানের বিপরীতে অন্য অনেক অপারেটরের চিত্র বেশ হতাশাজনক। গত এক দশকে এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়ে ১৯৩.৮ লক্ষে এবং বিএসএনএল-এর ২৬.৩ লক্ষে দাঁড়ালেও, বিশাল পতন দেখেছে ভোডাফোন-আইডিয়া। এই সংস্থার গ্রাহক সংখ্যা ২৩৭.৬ লক্ষ থেকে কমে বর্তমানে ১০১.৬ লক্ষে নেমে এসেছে। ২০১৮ সালের মধ্যে অন্যান্য ছোট অপারেটরগুলি বাজার থেকে সম্পূর্ণ বিদায় নেওয়ায় রাজ্যের গোটা টেলিকম বাজার এখন মূলত এই চারটি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।