বিদেশে সমালোচনা, লুকানোর কিছুই নেই আমাদের!

বার্তা ডেস্কঃ

আমেরিকার পর এবার যুক্তরাজ্যেও তীব্র প্রতিবাদের মুখোমুখি হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দেশীয় জনসংযোগ সফরের শেষ পর্বে বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন তিনি। তবে তাঁর এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার ও সুশীল সমাজ সংগঠনগুলির বিক্ষোভ রাজনৈতিক অঙ্গনে নতুন শোরগোল তৈরি করেছে।

লন্ডনে মোহন ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠানটি বয়কটের আহ্বান জানিয়ে প্রায় ২০টি সংগঠন লন্ডনের মেয়র সাদিক খান এবং ব্রিটিশ বিদেশ দফতরে চিঠি পাঠিয়েছে। ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’, ‘ইউকে-ইন্ডিয়ান মুসলিম কাউন্সিল’ এবং ‘সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ’-এর মতো সংস্থাগুলির দাবি, এই সফর মূলত বিতর্কিত ভাবমূর্তি বজায় রাখার একটি কৌশল মাত্র।

এমন পরিস্থিতিতে অস্বস্তি কাটাতে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছে আরএসএস। লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সঙ্ঘের মিডিয়া ইন-চার্জ সুনীল আম্বেদকর স্পষ্ট জানান, গণতন্ত্রে ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।

তিনি বলেন, “আমরা শান্তি, সংহতি ও ঐক্যের পক্ষে। বিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই আমরা এখানে এসেছি, আমাদের লুকানোর মতো কিছু নেই। যারা আলোচনা করতে ইচ্ছুক, তাদের প্রত্যেকের সঙ্গেই আমরা বিতর্ক ও মতবিনিময়ে প্রস্তুত।”

উল্লেখ্য, এর আগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ হাজারের বেশি মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মোহন ভাগবত। তবে বিশ্বের প্রভাবশালী দুই দেশে আরএসএস প্রধানের সফর ঘিরে এই ধারাবাহিক প্রতিবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনীতিতে নতুন চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *