ডেলিভারির আড়ালে প্রেমের নাটক, হাতেনাতে ধরা পড়ল বাইক চোর যুগল!

বার্তা ডেস্কঃ

পেশায় ডেলিভারি বয়, আর সেই কাজের আড়ালেই বান্ধবীকে সঙ্গে নিয়ে দেদার বাইক চুরি! অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রহড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল এক প্রেমিক যুগল। ধৃতদের নাম সৌরভ সালাম ও জেনিয়া রুদ্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সৌরভ রহড়ার মিশন পাড়ার বাসিন্দা এবং জেনিয়া বেলঘড়িয়ার নন্দননগরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই রহড়া, নিমতা এবং নিউ ব্যারাকপুর থানা এলাকায় পরপর বাইক চুরির ঘটনা ঘটছিল। একের পর এক অভিযোগ জমা পড়তেই তদন্তে নামে রহড়া থানার পুলিশ। এলাকাগুলির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই জুটির সন্ধান পান তদন্তকারীরা।

তদন্তকারীদের দাবি, সৌরভ ডেলিভারি বয়ের কাজ করার সুবাদে বিভিন্ন এলাকার অলিগলি সম্পর্কে বেশ অভিজ্ঞ ছিল। কোথায় বাইক রাখা আছে এবং কোথায় সিসিটিভি বা নজরদারি কম—তা আগেই রেইকি করে রাখত সে। এরপর সুযোগ বুঝে বান্ধবী জেনিয়াকে সঙ্গে নিয়ে পৌঁছাত ঘটনাস্থলে। নকল চাবি কিংবা হ্যান্ডেল লক ভেঙে নিমেষেই বাইক হাতিয়ে চম্পট দিত এই জুটি।

অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহড়া ও বেলঘড়িয়া থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না এবং চুরি যাওয়া বাইকগুলি কোথায় পাচার করা হয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন অধিকারিকরা। ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *