পুজোর আগেই খুশির জোয়ার, বেতন বাড়ল প্যারাটিচার ও বনকর্মীদের!
বার্তা ডেস্কঃ
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আগেই রাজ্যের প্যারাটিচার, বন সহায়ক এবং বন দফতরের কর্মীদের পারিশ্রমিক ও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেতন ও সাম্মানিক বৃদ্ধি:
- প্যারাটিচার: প্রাথমিকে কর্মরত প্রায় ২০,৩৪৩ জন প্যারাটিচারের মাসিক বেতন বাড়ানো হচ্ছে ৫,০০০ টাকা করে। পাশাপাশি উচ্চ প্রাথমিকে কর্মরত প্যারাটিচার ও ম্যানেজমেন্ট কর্মীদেরও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
- বন কর্মী: ফরেস্ট গার্ডদের মাসিক বেতন ৫,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অন্যদিকে, বন সহায়কদের পারিশ্রমিক বাড়বে মাসিক ২,০০০ টাকা, যার ফলে উপকৃত হবেন প্রায় ১,৫০০ জন বন সহায়ক।
ধুলিয়ান হত্যাকাণ্ডে প্রশাসনিক পদক্ষেপ: মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মণ্ডল হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গিপুরের পুলিশ সুপারকে সতর্ক করার পাশাপাশি ঘটনাটিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে গাফিলতির কারণে সামশেরগঞ্জ থানার আইসি-কে ক্লোজ করা হয়েছে, এএসআই সুমন্ত দাস ও সেকেন্ড অফিসার সাইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে এবং সংশ্লিষ্ট এসডিপিও-কে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
ঘটনার নিরপেক্ষ তদন্তে মামলাটি সিআইডি (CID)-র হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং তাঁর স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ: রাজ্যে বাল্যবিবাহ রুখতে আরও কঠোর আইন আনার প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেল ও জরিমানার পাশাপাশি সরকারি সমস্ত সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত মিলছে। এমনকি নাবালিকা স্ত্রী সন্তান প্রসব করলে সংশ্লিষ্ট স্বামীর বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের তরফ থেকে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। প্রশাসন ও স্বাস্থ্য দফতরের সমন্বয়ে এই সামাজিক ব্যাধি দূর করার বার্তা দেওয়া হয়েছে।
বিধানসভার বিশেষ অধিবেশন: আগামী ১০ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। ওই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল ও বিষয় নিয়ে আলোচনা হতে পারে।