বঙ্গজুড়ে মোদির মাসব্যাপী মেগা কর্মসূচি, তুঙ্গে রাজনৈতিক তৎপরতা!
September 8, 2026
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী ‘সেবা ও সংকল্প’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। সোমবার এই কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আসন্ন পুরভোটের আগে বুথস্তর পর্যন্ত সংগঠনের জনসংযোগ মজবুত করাই এই অভিযানের মূল লক্ষ্য।
কর্মসূচির প্রধান দিকসমূহ:
- সূচনা ও প্রদীপ প্রজ্বলন: ৯ ও ১০ সেপ্টেম্বর জেলা স্তরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যের প্রতিটি বুথে ২৫টি করে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানো হবে।
- ‘সেবা সেতু’ ও সাহায্য শিবির: তিন দিনের বিশেষ ক্যাম্প করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত মানুষদের সহায়তা করা হবে। পাশাপাশি ‘সেবা জ্যোতি যাত্রা’, সমাজসেবা এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
- আশা ও অঙ্গনওয়াড়ি সম্মেলন: আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাতে এবং তাঁদের দাবি-দাওয়া তুলে ধরতে তিন দিনের বিশেষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
- শিশু ও তরুণদের সম্পৃক্তকরণ: প্রায় ২৫ লক্ষ শিশুকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং চারুকলা কলেজের সহায়তায় শহরের রাস্তায় আলপনা আঁকার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রায় ১ লক্ষ ২৫ হাজার তরুণ বিজ্ঞানীকে এই প্রচারের সঙ্গে যুক্ত করা হবে।
- ডিজিটাল প্রচার ও তথ্যচিত্র: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রকাশ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে উপকৃত হওয়া প্রায় ২৪ লক্ষ পরিবারের জীবনকাহিনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
তরুণ প্রজন্ম (Gen Z) প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানান, কোনো বয়সের গোষ্ঠীকে আলাদা করে দেখা উচিত নয়। গণতান্ত্রিক দেশে তরুণদের মতামত ও সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখা প্রয়োজন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মাসব্যাপী সামাজিক কর্মসূচির আড়ালে মূলত আগামী পুরভোটকে সামনে রেখে বুথস্তরে নিজেদের শক্তিমৃদ্ধি ও ভোটপ্রচারের ভিত শক্ত করতে চাইছে গেরুয়া শিবির।