মুম্বইয়ে মোদীর অনুষ্ঠানে বড়সড় নিরাপত্তা ত্রুটি, আগ্নেয়াস্ত্র ও ভুয়ো আইডি-সহ ধৃত ২!

বার্তা ডেস্কঃ

মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান শুরুর আগেই তীব্র চাঞ্চল্য। ভিভিআইপি নিরাপত্তা বলয় ভেদ করে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগে অস্ত্র-সহ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নিজেকে ‘পিএমও (PMO) কর্তা’ বলে দাবি করছিল এবং তার কাছ থেকে প্রধানমন্ত্রীর দফতরের একটি ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) নীতা মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক’ সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সন্দেহ হয় এক যুবকের ওপর। নিজেকে পিএমও-র আধিকারিক পরিচয় দেওয়া ওই যুবকের নাম রোহন পারেখ। তার আইডি কার্ডটি দেখে সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা সেটি যাচাই করেন এবং নিশ্চিত হন যে কার্ডটি জাল।

এরপরই ওই যুবক এবং তার সঙ্গে থাকা দেহাঙ্গরক্ষীকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। তল্লাশি চালিয়ে সঙ্গীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। প্রধানমন্ত্রীর উপস্থিতির ঠিক আগে কীভাবে ভুয়ো পরিচয়পত্র ও অস্ত্র নিয়ে তারা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ল, তা নিয়ে মোদীর নিরাপত্তায় চরম গাফিলতির প্রশ্ন উঠছে।

কী উদ্দেশ্যে বা কার নির্দেশে ভুয়ো পরিচয় নিয়ে তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে চেয়েছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *