মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে ঢুকে পড়ল রহস্যময় গাড়ি, উত্তরকন্যায় চরম নিরাপত্তা গাফিলতি!
বার্তা ডেস্কঃ
উত্তরকন্যায় চরম নিরাপত্তার গাফিলতি ঘিরে তৈরি হলো তীব্র বিতর্ক। ভিআইপি বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত হেলিপ্যাড চত্বরে আচমকা ‘আর্মি’ লেখা একটি সাদা গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক তৃণমূল নেতার পুত্র। অভিযুক্ত ব্যক্তির নাম বাপি রায়, যিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে।
হেলিপ্যাডের সুরক্ষিত এলাকায় হঠাৎ গাড়ি ঢুকে পড়তে দেখে সেখানে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত কর্মীরা গাড়িটি ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গেও হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েন বিজেপির সমর্থকেরা। গোলমালের মধ্যে এক বিজেপি কর্মী দলীয় পতাকাসমেত বাঁশ দিয়ে গাড়িটির পেছনে সজোরে আঘাতও করেন।
উচ্চ নিরাপত্তাবেষ্টিত হেলিপ্যাডের ত্রিস্তরীয় সুরক্ষা বলয় টপকে কীভাবে সেনার স্টিকার লাগানো গাড়ি নিয়ে একজন দলীয় নেতার পুত্র ভেতরে ঢুকে পড়লেন, আর তাঁর আসল উদ্দেশ্যই বা কী ছিল—তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বড়সড় প্রশাসনিক প্রশ্ন।