পুজোর আগেই বড় ধাক্কা, রাজ্যে সিল হলো ৮০টি খাদ্যের দোকান!

বার্তা ডেস্কঃ

আগমী দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্যজুড়ে খাদ্যসামগ্রীর গুণমান বজায় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এক ব্যাপক অভিযানে নেমেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের মোট ৫,৪৩৯টি হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য বিক্রয়কেন্দ্রে এই বিশেষ পরিদর্শন চালানো হয়। দপ্তর পেশ করা রিপোর্টে প্রকাশ করেছে যে, পরিদর্শন করা কেন্দ্রগুলির মধ্যে প্রায় ৮৬ শতাংশ অর্থাৎ ৪,৭২২টি প্রতিষ্ঠানেই গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনিয়ম ধরা পড়েছে।

অভিযান চলাকালীন খাদ্য সুরক্ষা আধিকারিকরা ভেজাল ও নিম্নমানের সন্দেহে ২,৭৫৮টি খাদ্যের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠিয়েছেন। জনস্বাস্থ্যের চরম ঝুঁকির কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে ৯৮টি প্রতিষ্ঠানের পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, গাফিলতির কারণে ৩৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল বা স্থগিত করা হয়েছে এবং ঘটনাস্থলেই ৮০টি দোকান সম্পূর্ণ বন্ধ ও সিল করে দেওয়া হয়েছে। আইন অমান্যকারী ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় আইনি পদক্ষেপ।

পুজোর মুখে তিলপাত্তর ভিড় হওয়া কলকাতার রিপন স্ট্রিট, বাইপাস, পার্ক স্ট্রিট, ট্যাংরা, ডেকাস লেন এমনকি গরিয়া ও বারাসাতের নামীদামী রেস্তোরাঁ, বিরিয়ানির দোকান, বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার ও পনিরপট্টিতেও তল্লাশি চালানো হয়। আধিকারিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, অধিকাংশ জায়গায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পচা-ছত্রাকযুক্ত খাবার ও খারাপ মাংসের পাশাপাশি যে তেলে মাত্র তিনবার রান্নার অনুমোদন রয়েছে, তা শত শত বার ব্যবহার করে বিষাক্ত করে তোলা হচ্ছিল। সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষায় তাই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *