জেল থেকে বেরিয়েই স্ত্রীকে হত্যার ছক, ধরা পড়তেই ফাঁস হলো খুনি স্বামীর ভয়ঙ্কর লক্ষ্য!
বার্তা ডেস্কঃ
গুয়াহাটিতে ২৫ বছর বয়সি এক নববধূর খণ্ডিত দেহ এবং ফ্রিজ থেকে কাটা মুণ্ডু উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত নববধূর নাম রিয়া তালুকদার। নৃশংস এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী রামানুজ গোস্বামী নিখোঁজ হয়ে গেলেও রবিবার রাতে থানায় আত্মসমর্পণ করেন। মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার পথে বিন্দুমাত্র অনুশোচনা না দেখিয়ে অভিযুক্ত সরাসরি দাবি করেন, “আমার কোনো অনুশোচনা নেই।” পাশাপাশি জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রীর কথিত ‘সুগার ড্যাডি’কেও খুন করার প্রকাশ্যে হুমকি দেন তিনি।
গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীরা ওই ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রিয়ার পচাগলা খণ্ডিত দেহ দেখতে পায়। তার দেহ থেকে হাত-পায়ের আঙুল কেটে নেওয়া হয়েছিল এবং মাথাটি উধাও ছিল। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতর প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় কাটা মুণ্ডুটি উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীদের মতে, শুক্রবার রাতে শেষবার ওই নবদম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সে রাতেই এই ঘটনা ঘটায় অভিযুক্ত। স্ত্রীকে এমন নির্মমভাবে খুনের নেপথ্যে কী কারণ ছিল এবং অভিযুক্তের ইঙ্গিত করা ওই ‘সুগার ড্যাডি’র আসল পরিচয় কী, তা জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।