ব্যাঙ্ক ধর্মঘট বাতিল! স্বস্তির নিঃশ্বাস গ্রাহকদের, সব শাখা খোলা আজ থেকেই
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20269:40 am
কলকাতা: সাধারণ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিরাট স্বস্তির খবর। সোমবার থেকে শুরু হতে চলা টানা তিন দিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে। ফলে চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই অন্যান্য স্বাভাবিক দিনের মতো খোলা থাকছে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক শাখা।
রবিবার রাতে ব্যাঙ্ক কর্মীদের মূল যৌথমঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU) এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন’ (IBA)-এর প্রতিনিধিদলের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই সমঝোতায় পৌঁছয়। এরপরই যৌথ মঞ্চের তরফ থেকে আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
কী নিয়ে রফা হলো বৈঠকে?
- সপ্তাহে ৫ দিনের কর্মদিবস: ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি— সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম চালু করা এবং মাসের সবকটি শনিবার ছুটি ঘোষণা করা। বৈঠকে আইবিএ আশ্বাস দিয়েছে যে, বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।
- গ্রাহক স্বার্থ রক্ষা: ওই উচ্চপর্যায়ের কমিটি সমস্ত দিক ও বিকল্প খতিয়ে দেখে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবে, যাতে গৃহীত সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের কোনো অসুবিধায় না ফেলে।
- কর্মীদের ইনসেনটিভ ও অন্যান্য দাবি: স্কেল-৪ এবং তার উপরের আধিকারিকদের ‘পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ’ (PLI) সংক্রান্ত দাবিগুলো বিবেচনা করে সরকারের কাছে সংশোধন প্রস্তাব পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে আইবিএ। পাশাপাশি ২০২৪ সালের ৮ মার্চের প্রস্তাবগুলি নিয়েও আলোচনার আশ্বাস মিলেছে।