রেজিনগরে শুভেন্দুর মেগা প্রচার, সংখ্যালঘু আসনে কি বড় চমক অপেক্ষা করছে?

বার্তা ডেস্কঃ

আগামী ৬ অক্টোবর রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে ময়দানে নেমেছে বিজেপি। প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটার অধ্যুষিত এই আসনে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। দলের প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। সভা শেষে শক্তিপুর থেকে নারকেলবাড়ি ঘাট পর্যন্ত একটি সুবিশাল রোড শো করার কথা রয়েছে তাঁর। নন্দীগ্রামের পাশাপাশি এই আসনেও জয় ছিনিয়ে নিতে প্রতিটি মন্ডলে সুব্রত মৈত্র, সুখেন বাগদির মতো বিধায়ক ও মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, ভোটের ঠিক মুখে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার থেকে সরে দাঁড়িয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ইতিমধ্যে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়ে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। এই কেন্দ্রে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর ছেলে গুলাম নবী আজাদ। হুমায়ুনের দাবি, পুলিশি পদক্ষেপে ভোটে বিজেপিই বাড়তি সুবিধা পাবে। বিরোধীদের ক্ষোভ এবং পুলিশি ভূমিকা ঘিরে যখন রেজিনগরের রাজনীতি সরগরম, তখন এই গুরুত্বপূর্ণ সভা থেকে শুভেন্দু অধিকারী ঠিক কী বার্তা দেন, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *