গুটখার বিজ্ঞাপনে চরম বিপাকে শাহরুখ-অজয়, তারকারা কি এবার কাঠগড়ায়?
বার্তা ডেস্কঃ
পান মশলা ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ দেখানো শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের মতো বলিউডের হাই প্রোফাইল তারকাদের এবার তীব্র ভৎসনা করলেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ধে। তামাকজাত পণ্যের প্রচার চালানো তারকাদের তীব্র খোঁচা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছেন, তাঁরা কি নিজেরা এসব খান বা নিজেদের সন্তানদের তা খাওয়ার অনুমতি দেন? তারকাদের স্পষ্টভাবে সতর্ক করে তিনি জানান যে, তাঁরাও আইনের ঊর্ধ্বে নন এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রচার চালানোয় কেবল উৎপাদনকারী নয়, তারকাদেরও সমান আইনি দায়ভার বহন করতে হবে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট তুকারাম মুন্ধে ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে ভূমিকার ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট তারকাদের নোটিস পাঠান। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি কড়া সুরে জানান, পরিচিত মুখ হওয়ার দোহাই দিয়ে অভিনেতারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তামাকজাত পণ্যের প্রচারে যুক্ত অভিনেতা বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার—সকলের বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খাদ্য বা ওষুধ সম্পর্কে কোনো বিভ্রান্তিকর দাবিকে আইন প্রশ্রয় দেয় না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, তারকাদেরও তাঁদের প্রচারিত পণ্যের বিষয়ে জবাবদিহি করতে হবে।