রেপো রেট বাড়ল, এবার কি আপনার ইএমআই-এর বোঝা বাড়বে!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমেই সাধারণ মানুষের পকেটে বড়সড় টান। প্রায় চার বছর পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তিন দিনের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শেষে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র। এর ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল ৫.৫০%-এ।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের সরাসরি কোপ পড়বে আমজনতার উপর। ভাসমান সুদের হারে (floating rate) নেওয়া বাড়ি ও গাড়ির ঋণের মাসিক কিস্তি (EMI) এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তবে এই সিদ্ধান্তের একটি ইতিবাচক দিকও রয়েছে; ব্যাঙ্ক ও ডাকঘরের ফিক্সড ডিপোজিট বা সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাধারণ লগ্নিকারীদের বাড়তি রিটার্ন দেবে।
২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথমবার সুদের হার বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও মূল্যস্ফীতিকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র। তিনি জানান, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা, বৈশ্বিক ব্যবসায়িক অনিশ্চয়তা এবং ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহণে যে বাধা তৈরি হয়েছে—তার জেরেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ২০১৮ সালের পর এই প্রথম আরবিআই তাদের মুদ্রানীতির অবস্থান ‘নিরপেক্ষ’ থেকে বদলে ‘সুপরিকল্পিত সঙ্কোচনমূলক নীতি’ (Calibrated Tightening) গ্রহণ করেছে। এর স্পষ্ট বার্তা—নিকট ভবিষ্যতে সুদের হার কমানোর কোনও সম্ভাবনা নেই। মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে আগামী দিনে সুদের হার আরও বাড়ানো হতে পারে। পাশাপাশি, চলতি অর্থবর্ষের জন্য মূল মূল্যস্ফীতির পূর্বাভাসও ৪.৩% থেকে বাড়িয়ে ৪.৪% করেছে আরবিআই।