‘শুদ্ধিকরণ’-এর নামে বিবাহিত মহিলাকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন, ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে ৯!

বার্তা ডেস্কঃ

গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ‘শুদ্ধিকরণ’ ও ধর্মীয় আচারের অজুহাতে এক বিবাহিত মহিলাকে আটকে রেখে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা মহিলার সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে তাঁর স্বামী ও আত্মীয়েরা দু’জনকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানেই মহিলার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অত্যাচার চলাকালীন নির্যাতিতা কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। অভিযুক্তেরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে এবং একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে নির্দয়ভাবে বেঁধে রাখে।

ঘটনার পর নির্যাতিতা আতঙ্কে থানায় না গেলেও ভাইরাল ভিডিওটি নজরে আসতেই স্বতঃপ্রণোদিত হয়ে অভিযানে নামে স্থানীয় পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ তাঁকে দ্রুত খুঁজে বের করে বয়ান রেকর্ড করে এবং তাঁর নিরাপত্তার সুব্যবস্থা করে। এই মর্মান্তিক ঘটনায় যুক্ত থাকার অপরাধে পুলিশ ইতিমধ্যেই দুই মহিলাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। সুরেন্দ্রনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যৌন নির্যাতন, আটকে রাখা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে যুক্ত প্রত্যেক অভিযুক্তের নির্দিষ্ট ভূমিকা খতিয়ে দেখে কঠোর তদন্ত চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *