প্রশাসক হিসেবে মোদির ২৫ বছর! জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর দীর্ঘ যাত্রা নিয়ে অকপট ওমর আবদুল্লাহ
বার্তা ডেস্কঃ
প্রশাসক হিসেবে সরকারি প্রধান পদে জীবনের ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরুর পর ২০১৪ সাল থেকে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় নরেন্দ্র মোদির ধারাবাহিক সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে আবদুল্লাহ জানান, টানা পঁচিশ বছর নির্বাচনী জয় ধরে রেখে জাতীয় নেতৃত্বে উঠে আসা কোনো সাধারণ বিষয় নয়। তিনি এবং তাঁর সহকর্মীরা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কিছু অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায় ওমর আবদুল্লাহকে।
অন্যদিকে, ২৫ বছর পূর্তির এই মাইলফলককে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বিকশিত ভারত সঙ্কল্প সভায়’ মোদি স্পষ্ট জানান, আগামী দিনে বিশ্ব অর্থনীতির অন্যতম শীর্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ। এই দীর্ঘ রাজনৈতিক সাফল্যকে ২০৪৭ সালের উন্নত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে চাইছে কেন্দ্র।