রাজধানীতে ধরপাকড় শুরু হতেই তোলপাড়, দীপকের দিল্লি রওনা ঘিরে বাড়ছে জল্পনা!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তরুণ প্রজন্মকে ভয় পেয়েছেন বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পথে তিনি এই মন্তব্য করেন। সিজেপি-র পূর্বঘোষিত যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা সহ ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার মতো কড়া পদক্ষেপ করা হয়েছে।
শান্তিপূর্ণ প্রতিবাদ আটকাতে প্রশাসনের এই ব্যাপক ধরপাকড় ও বিধিনিষেধকে তীব্র আক্রমণ করেছেন দীপকে। তাঁর অভিযোগ, সংবিধানের ১৯ নম্বর ধারা প্রদত্ত শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন হোটেল ও হস্টেলে তল্লাশি চালিয়ে তরুণ-তরুণীদের আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলন থামবে না বলে তরুণ প্রজন্মকে বার্তা দিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভের অনুমতি না দিয়ে নির্দিষ্ট এলাকায় ধারা ১৬৩ জারি করা হয়েছে।