রেজিনগরে গেরুয়া ঝড়, ইতিহাস গড়েও রহস্যময়ভাবে নিখোঁজ জেলা সভাপতি!
বার্তা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু অধ্যুষিত আসনে ১ লাখ ২৯ হাজার ৯১৪টি ভোট পেয়ে প্রতিপক্ষকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। প্রতিদ্বন্দ্বী গোলাম নবি আজাদকে পেছনে ফেলে তাঁর জয়ের মার্জিন ছিল বিশাল। ফলাফলের পরেই গেরুয়া আবির ও উৎসবে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে এই অভূতপূর্ব সাফল্যের আনন্দের মাঝেও জন্ম নিয়েছে জোর বিতর্ক। গণনা কেন্দ্র থেকে শুরু করে পুরো বিজয় মিছিল—কোথাও বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন কিংবা স্থানীয় বিধায়ক সুব্রত মৈত্রকে দেখা যায়নি, যা নিয়ে দলের অন্দরে জল্পনা চরমে উঠেছে।
পরদিন শনিবার মহালয়ার সকালে জেলা সভাপতি মলয় মহাজন ও বিধায়ক সুব্রত মৈত্র সাংবাদিক সম্মেলন করে জয়ের শুভেচ্ছা জানান, তবে সেখানে আবার অনুপস্থিত ছিলেন জয়ী প্রার্থী শাখারভ সরকার নিজেই। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাখারভবাবু জানান, সংবাদ সম্মেলনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। ভোটের পুরো প্রচার থেকে ফল প্রকাশ—নেতৃত্বের এমন ভূমিকা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হলেও, জয়ী প্রার্থী রেজিনগরের মানুষের প্রত্যাশা পূরণকেই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন।