মাঝ আকাশে ককপিটে কুড়ুলের কোপ, নেপথ্যে কি গভীর কোনো ষড়ষন্ত্র!
বার্তা ডেস্কঃ
মাঝ আকাশে ফ্লাই দুবাই বিমানের ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় এবার আসরে নামল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গত ৩০ সেপ্টেম্বর আমিরশাহি থেকে ইজরায়েলগামী ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে সহ-পাইলট আল-হাম্মামির হামলায় রক্তাক্ত হন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। আকস্মিক এই আক্রমণে বিমানের নিয়ন্ত্রণ বিঘ্নিত হওয়ায় জুরুরি ভিত্তিতে সৌদি আরবে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি, ফলে শতাধিক যাত্রীর প্রাণসংশয় দেখা দেয়। এই ঘটনার তীব্র জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব এবং এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে এনআইএ।
প্রাথমিক তদন্তে ইজরায়েলি গোয়েন্দারা দাবি করেছেন যে অভিযুক্ত সহ-পাইলট জেরায় গাজার প্রতিশোধ নেওয়ার কথা স্বীকার করেছেন। পাশাপাশি, ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতের সুসম্পর্ক নষ্ট করাই এই হামলার আসল উদ্দেশ্য ছিল কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখছেন ভারতীয় তদন্তকারীরা। এর আগে ইজরায়েল, আমিরশাহি ও সৌদি আরব নিজ নিজ জায়গা থেকে ঘটনার তদন্ত শুরু করলেও, এখন ভারতীয় নাগরিক তথা পাইলটের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এনআইএ-এর সক্রিয় অংশগ্রহণ এই মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। অপরাধের গুরুত্ব ও গভীরতা বিচার করে সমস্ত দিক খতিয়ে দেখে সত্য উদঘাটনে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।