আগামী বছর লাফিয়ে বাড়ছে বেতন, আপনার ক্ষেত্রটি তালিকায় আছে তো?
বার্তা ডেস্কঃ
আয়ন-এর সাম্প্রতিক বার্ষিক বেতন বৃদ্ধি ও কর্মী পরিবর্তনের সমীক্ষা অনুসারে, আগামী ২০২৭ সালের মধ্যে ভারতীয় সংস্থাগুলি গড়ে ৯.১ শতাংশ বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে। তবে সব খাতের কর্মীরা সমপরিমাণ সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নন-ব্যাঙ্কিং ফিনান্স (এনবিএফসি) খাতে সর্বাধিক ১০.১ শতাংশ এবং শক্তি খাতে ৯.৯ শতাংশ বেতন বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তা ছাড়া রিয়েল এস্টেট, লাইফ সায়েন্সেস ও অটোমোবাইল ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে আয় বৃদ্ধির আশা রয়েছে। তবে তথ্যপ্রযুক্তি পরামর্শ ও পরিষেবা খাতে সবচেয়ে কম, অর্থাৎ প্রায় ৬.৬ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখানো হয়েছে।
একদিকে কর্মীদের বেতন বাড়লেও, অন্যদিকে দক্ষ কর্মী ধরে রাখা ও ক্রমবর্ধমান ছাঁটাই সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালে কর্মী চাকরি ছাড়ার হার বেড়ে প্রায় ১৮ শতাংশে পৌঁছাতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সে দক্ষ পেশাদারদের চাহিদা এবং কদর আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা পুরনো ধাঁচের কর্মীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পাশাপাশি মুদ্রাস্ফীতির প্রভাব বিবেচনা করলে ২০২৭ সালে কর্মীদের প্রকৃত আয় বৃদ্ধি দাঁড়িয়ে কেবল ৫.১ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।