পুজোয় থিমের দাপটে কোণঠাসা চড়িদা, শেষ মুহূর্তে কীভাবে ফিরল ভাগ্য?
বার্তা ডেস্কঃ
শারদোৎসবে সাবেকি প্রতিমার দাপটে মনখারাপ ছেয়ে গিয়েছিল পুরুলিয়ার বাঘমুন্ডির মুখোশ গ্রাম চড়িদায়। থিমের কাজ না থাকায় উৎসবের মুখে সেভাবে বড় কোনো বরাত পাননি স্থানীয় মুখোশ শিল্পীরা। তবে দেবীপক্ষ সূচনা হতেই নাটকীয়ভাবে বদলে যায় ছবিটা। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত মাত্র কয়েক দিনেই চড়িদার বাজারে বিক্রি হয়ে যায় প্রায় ২০ লাখ টাকার মুখোশ। পুজোর মুখে বড় ধাক্কা খাওয়ার পর কোজাগরী আরাধনায় হঠাৎ এই লক্ষ্মীলাভে আপাতত কিছুটা হলেও হাসি ফুটেছে হতাশ হয়ে পড়া শিল্পীদের মুখে।
গ্রামে থাকা প্রায় ১০০টি দোকানে দেবী দুর্গার সাথে পাল্লা দিয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মহিষাসুর ও অন্য সাবেকি মুখোশ। স্থানীয় তরুণ শিল্পী সোমু সূত্রধরের মতে, উৎসবের এই দিনগুলোতে প্রতিটি দোকানে গড়ে দৈনিক প্রায় ২ হাজার টাকা বা তার বেশি বিক্রি হয়েছে। জগদীশ সূত্রধরের মতো দু-একজন পুনে কিংবা শান্তিপুর থেকে লাখ টাকার বরাত পেলেও বাকিদের জন্য এই খুচরো বিক্রিই ভরসা যোগায়। তবে টানা পাঁচ মাসের দীর্ঘ পরিশ্রমের পর এই সামান্য আয়ে চড়িদার মৃৎশিল্পীরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না।