লক্ষ্মীপুজোয় রাজ্যবাসীর জন্য শুভেন্দুর বার্তা, সব দিদি হোক লাখপতি!

বার্তা ডেস্কঃ

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ভবানীপুরে মহানায়ক উত্তমকুমারের ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় বাড়িতে হাজির হলেন শুভেন্দু অধিকারী। ১৯৫০ সালে শুরু হওয়া এই ঐতিহাসিক পুজোর ধারা আজও সমানে বজায় রেখেছে পরিবারটির নতুন প্রজন্ম। এই আবহেই মহানায়কের বাসভবনে এসে শুভেন্দু অধিকারী বলেন, “সব দিদি লাখপতি হোক!” পুজোর সার্বিক আয়োজনের পাশাপাশি লক্ষ্মীপুজোর আবহে নিজস্ব পছন্দের কথাও খোলামেলাভাবে তুলে ধরেন তিনি। গুড়ের নাড়ু, সাদা নাড়ু ও তিলের নাড়ুর প্রতি তাঁর বিশেষ ভালোবাসার কথা যেমন জানান, তেমনই নিজের বাড়ির খিচুড়ি ভোগের কথা উল্লেখ করে উৎসবের আবহে একান্ত সাধারণ রূপ প্রকাশ করেন।

শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক বৃদ্ধি, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থনার কথা ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন যে, বাংলা যেন আরও সমৃদ্ধশালী হয়, নতুন নতুন শিল্প আসে এবং তরুণদের জন্য বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া কৃষক সমাজের অগ্রগতি ও সার্বিক বাণিজ্যিক উন্নতির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে একটি নিরাপদ, শান্ত ও নেশামুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়ার পাশাপাশি তিনি ১৮ বছরের কম বয়সে বিবাহ রোধ করার আবেদন জানান। সর্বাঙ্গীন সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি লক্ষ্মীপুজোর পবিত্র লগ্নে বাংলার লক্ষ্মী অর্থাৎ সমস্ত নারীদের আত্মনির্ভরতা ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *