পুজোর মণ্ডপে দেবীর গয়না গায়েব, কীভাবে ধরা পড়ল চোর?
বার্তা ডেস্কঃ
দর্শনার্থী সেজে মণ্ডপে ঢুকে দুর্গা প্রতিমার সোনার টিপ ও নাকছাবি চুরির অভিযোগে গোপাল কেলটিবিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর কলকাতার জোড়াবাগান থানার পুলিশ। গৌর লাহা স্ট্রিটের একটি বারোয়ারি পুজোয় সোনা ও রুপোয় প্রতিমা সাজানো হলেও পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানায়নি পুজো কমিটি। পুজো চলাকালীন প্রতিমার অলঙ্কার উধাও হওয়ার ঘটনায় মণ্ডপে শোরগোল পড়ে যায় এবং তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ মণ্ডপ ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। পেশাদার চোরের কায়দায় ফাঁকা সময়ের সুযোগ নিয়ে সে এই দুষ্কর্ম ঘটিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ উত্তর কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে এর আগে অন্য কোনো মন্দির বা মণ্ডপে এমন অপরাধ করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।