ভারতের অর্থনীতিতে সাইবার হামলার ছক! মোদির বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
বার্তা ডেস্কঃ
সময় বদলে গিয়েছে এবং যুদ্ধ আর কেবল তথাকথিত রণভূমিতে সীমাবদ্ধ নেই; বরং অর্থনীতিকেও লক্ষ্যবস্তু করছে শত্রুপক্ষ। সম্প্রতি ভারতের ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হামলা এবং ক্রমবর্ধমান ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুবনেশ্বরে ১৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনও দেশকে দুর্বল করার জন্য বর্তমানে তার অর্থনীতিতে আঘাত হানার কৌশল নেওয়া হচ্ছে। তাই ভারত যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, তখন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সাইবার অপরাধী ও জঙ্গিদের হাত থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও জানান, সাইবার হামলার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং পুরোনো ব্যবস্থা, প্রশিক্ষণ পদ্ধতি বা সরঞ্জাম দিয়ে এই নতুন চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে আরবিআই-এর নতুন ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে বিগত কংগ্রেস সরকারের আমলে ব্যাঙ্কিং খাতের অব্যবস্থা ও এনপিএ সংকট নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র সাইবার হানার মুখে পড়ার এবং প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর সামনে আসার পরই প্রধানমন্ত্রীর এই মন্তব্য দেশজুড়ে বিশেষ তাৎপর্য বহন করছে।