মোদীর বাপও যাবে! কংগ্রেসের মন্তব্যে উত্তাল দেশ, রাস্তায় বিজেপি!
বার্তা ডেস্কঃ
বিহারের পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বক্তব্য চলাকালীন দর্শকাসনের এক ব্যক্তি বাধা দিয়ে বলেন, বিদ্রোহ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না। এর জবাবে খাড়গে বিতর্কিত মন্তব্য করে বসেন, ‘মোদীর বাপও যাবে।’ কংগ্রেস সভাপতির এই নজিরবিহীন আক্রমণকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে বলে দাবি তুলেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শীর্ষ বিজেপি নেতারা এই মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং খাড়গেকে ক্ষমা চাওয়ার দাবি জানান। খাড়গের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার দেশজুড়ে ও পাটনার ইনকাম ট্যাক্স সার্কেলে কংগ্রেস সভাপতির কুশপুতুল দাহ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।