মঞ্চে চরম অপমান দালের মেহেন্দিকে! ক্ষমা চাইলেন খোদ মন্ত্রী?

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ডের মা কুঞ্জাপুরী পর্যটন ও উন্নয়ন মেলায় নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চরম অপমানের মুখে পড়েন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। অনুষ্ঠান চলাকালীন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল আচমকা হস্তক্ষেপ করে গায়কের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠা এবং সরাসরি না গেয়ে লিপ সিঙ্ক করার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এই ঘটনায় তোলপাড় শুরু হয় সংগীতজগতে। প্রবীণ গায়কের ওপর এমন অপমানের তীব্র প্রতিবাদ জানান তাঁর ভাই তথা প্রখ্যাত গায়ক মিকা সিং। বিতর্ক চরম আকার ধারণ করলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে হস্তক্ষেপ করে দুই ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করেন এবং গোটা বিষয়ের সমাধান করার উদ্যোগ নেন।

অবশেষে বিতর্কের আগুনে জল ঢেলে দালের মেহেন্দির কাছে ফোনে সরাসরি ক্ষমা চেয়েছেন মন্ত্রী সুবোধ উনিয়াল। মন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মিকা সিংয়ের টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, সংগীতে বহু বছরের অবদান থাকা শিল্পীদের মর্যাদা ও সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির আন্তরিক ভূমিকা ও বিনয়ী ব্যবহারের ভূয়সী প্রশংসা করে মিকা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের ফের উত্তরাখণ্ডে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মন্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আপাতত এই বিতর্কের সুরাহা হলেও, শিল্পীদের প্রকাশ্যে হেনস্থা ও আত্মসম্মানের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *