রাজধানীতে ফের মর্মান্তিক মৃত্যু! ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বাবা-ছেলের নিথর দেহ
বার্তা ডেস্কঃ
দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। উত্তর-পূর্ব দিল্লির হর্ষবিহার থানার মিলন গার্ডেন এলাকায় এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। মৃতদের নাম চন্দ্রপাল ও বিজয় কুমার। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটির গ্রাউন্ডফ্লোরের উপর নতুন করে একটি ফ্লোর তৈরির কাজ চলছিল। পুরনো ও দুর্বল ছাদের উপর অতিরিক্ত ভারী কংক্রিটের স্ল্যাব বসানোর ফলেই এই বিপত্তি ঘটে। অতিরিক্ত ভার সইতে না পেরে নীচের ছাদটি ভেঙে পড়ে এবং তাঁরা আটকে পড়েন।
রবিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন, স্থানীয় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতেই শুরু হয় তীব্র উদ্ধারকাজ। দীর্ঘ চেষ্টার পর সোমবার সকালে ধ্বংসস্তূপের ভিতর থেকে ওই দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, বাড়িটি সম্প্রসারণের জন্য কোনও আইনি অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগেই সত্য নিকেতনে বাড়ি ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই রাজধানীর বুকে ফের এমন বিপর্যয় সাধারণ মানুষের নিরাপত্তাকে ঘিরে বড়সড় প্রশ্ন তুলেছে।