ঘূর্ণিঝড় অর্ণবের ভয়াল থাবা! কোন কোন জেলায় আজই নামবে দুর্যোগের কালো মেঘ?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে চরম রূপ নিচ্ছে গভীর নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দফতর ও আইএমডি (IMD)-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে চলেছে। আগামী ২৮ অক্টোবর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে এটি আছড়ে পড়তে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও এর সরাসরি জোরালো প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
এই সাইক্লোনের প্রভাবে আগামী ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আকাশ মেঘলা থাকবে এবং বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অতিরিক্ত জলীয় বাষ্পের ফলে শুকনো উত্তরী হাওয়া আটকে যাবে, যার জেরে সাময়িকভাবে ভেস্তে যেতে পারে রাজ্যবাসীর শীতের আমেজ। দীপাবলি ও কালীপুজোর আগেই তাই পারদ ফের কিছুটা উর্ধ্বে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।