কফি উইথ করণে কান্নায় ভেঙে পড়লেন রশ্মিকা!

বার্তা ডেস্কঃ

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণে’ উপস্থিত হয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডার করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। একাংশ অভিনেতা বিজয়কে ‘টক্সিক’ বলে আক্রমণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে নিয়ে বিভিন্ন ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াতে শুরু করে। এমনকি গুঞ্জন রটে যে বিজয়ের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রশ্মিকা সেটে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং এক ঘণ্টা শুটিং বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

এই লাগাতার ট্রোল, কটাক্ষ ও মানহানিকর অপপ্রচারে অতিষ্ঠ হয়ে অবশেষে সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন তারকা দম্পতির টিম। বিজয়ের ম্যানেজার পি নিশান্ত কুমার হায়দরাবাদ সাইবার থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে পরিকল্পিতভাবে মনগড়া ও বিভ্রান্তিকর বিষয়বস্তু ছড়ানো হচ্ছে। দম্পতির টিমের স্পষ্ট বার্তা, মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাঁদের পূর্ণ সম্মান রয়েছে, তবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *