আবারও মা হচ্ছেন অনুষ্কা? ঢিলেঢালা পোশাকে স্পষ্ট বেবি বাম্প দেখে তোলপাড় নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
আলিবাগ থেকে মুম্বই ফেরার পথে সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। জেটিঘাটে বোট থেকে নামার সময় স্ত্রীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগলে রাখতে দেখা যায় কিং কোহলিকে। তবে এই মুহূর্তের চেয়েও নেটিজেনদের নজর কেড়েছে অনুষ্কার পরনের ঢিলেঢালা মেরুন আনারকলি পোশাক ও তাঁর হাঁটাচলার ধরন। পোশাকের অন্তরাল থেকে অভিনেত্রীর সামান্য স্ফীতোদর স্পষ্ট দেখা যাচ্ছে বলে দাবি অনেকের। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই বলিমহল থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা— তবে কি সত্যি হতে চলেছে বিরাট ও অনুষ্কার তৃতীয় সন্তান আসার খবর?
এর আগে মুম্বইতে এক লাইভ কীর্তনে ভক্তিভরে অংশ নিয়ে ভক্তদের মন জয় করেছিলেন এই তারকা দম্পতি। কিন্তু তার পরপরই আলিবাগ সফরের নতুন এই ভিডিও ভাইরাল হতে চরম কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মনে। ভামিকা ও অকায়ের পর বিরুষ্কা দম্পতির কোল আলো করে কি তবে আসতে চলেছে তাঁদের তৃতীয় সন্তান? যদিও এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবুও প্রিয় তারকাদের খুনসুটি ও অনুষ্কার এই রূপ দেখে আনন্দে মেতেছেন তাঁদের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ী।