৯ দিনে ১৬ বার কাঁপল সিকিম, হিমালয়ে কি বড় কোনো মহাবিপর্যয় আসছে?

বার্তা ডেস্কঃ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি। সোমবার ভোরে পশ্চিম সিকিম ও সংলগ্ন নেপাল সীমান্তে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল ইউকসোম থেকে ১৭ কিলোমিটার দূরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। কোনো ক্ষয়ক্ষতি না হলেও চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। ১৭ থেকে ২৬ অক্টোবরের মধ্যে মাত্র ৯ দিনে রেকর্ড ১৬ বার মৃদু কম্পন হয়েছে পাহাড়ি এই রাজ্যে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার কেঁপে উঠেছিল সিকিম। লাগাতার এই অস্বাভাবিক ভৌগোলিক পরিবর্তন হিমালয় অঞ্চলে এক বড়সড় অশনিসংকেত বলে সতর্ক করছেন ভূ-বিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার উত্তরে সরে ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে, যার ফলে ভূগর্ভে তৈরি হচ্ছে বিপুল চাপ। বিআইএস-এর নতুন সিসমিক ম্যাপ অনুযায়ী সমগ্র হিমালয় অঞ্চল এখন অত্যন্ত বিপজ্জনক জোন সিক্সে অবস্থান করছে, যা রিখটার স্কেলে ৮ থেকে ১০ মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্পের কেন্দ্র হতে পারে। পাহাড়ে প্রতি ৪০ থেকে ৪৫ বছর অন্তর বড় ধরনের বিপর্যয়ের ইতিহাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। নিয়মিত এই মৃদু কম্পন কি তবে কোনো প্রলয়ঙ্করী দুর্যোগের আগাম সতর্কবার্তা, এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *