বেতন দিতে নারাজ স্ত্রী, রাগে হাত-পা বেঁধে হাতুড়ির ঘা স্বামীর!
বার্তা ডেস্কঃ
বাসন্তীর নফরগঞ্জে বেতন নিজের হাতে তুলে দিতে না চাওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম হাসান শেখ এবং আক্রান্ত স্ত্রী নাজমা শেখ দুজনেই গড়িয়ায় একটি দরজির দোকানে কাজ করতেন। নিজের কষ্টার্জিত অর্থ দিতে নারাজ থাকায় দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলত এবং তাঁরা আলাদা থাকতেন। সম্প্রতি মাছ দেওয়ার নাম করে স্ত্রীকে ডেকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান স্বামী। সেখানে একটি বন্ধ ঘরে নাজমার হাত-পা বেঁধে তাঁর দুই হাঁটু ও পিঠে উপর্যুপরি হাতুড়ির ঘা দেওয়া হয় বলে অভিযোগ।
আক্রান্ত মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসায় অভিযুক্ত স্বামী পালিয়ে যান। প্রতিবেশীরা তাঁকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এবং অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে।