বারান্দায় গুটখার পিক ফেলা কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু রাজমিস্ত্রির

বার্তা ডেস্কঃ

মধ্যপ্রদেশের বিদিশা জেলার গায়ত্রী নগরে এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রভুলাল গুপ্ত নামের এক বৃদ্ধ রাজমিস্ত্রি। বিগত দশ বছর ধরে ওই এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি। গত শুক্রবার দুপুরে নিজ বাসভবনের তিন তলার বারান্দায় দাঁড়িয়ে গুটখা চিবানোর সময় এই ভয়ংকর অঘটনটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বারান্দা থেকে বাইরে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলার সময়ই বিপত্তি ঘটে। তাঁর মুখ থেকে বের হওয়া থুতু বারান্দার ঠিক পাশেই থাকা একটি হাইটেনশন ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থুতুতে পর্যাপ্ত আর্দ্রতা ও দ্রবীভূত লবণ থাকায় তা বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করতে পারে। তরলের অবিচ্ছিন্ন ধারা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় একটি পরিবাহী পথ তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং খোলা তারের বিপজ্জনক অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *