মোদিকে বলুন, জ্ঞানেশকে হটাতে! দিল্লির ব্যবসায়ীদের পাশে রাহুল গান্ধী

বার্তা ডেস্কঃ

আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। দীপাবলি ও ধনতেরাসের মতো উৎসবের মরশুমে এই বিশাল কর্মসূচির কারণে রামলীলা ময়দানের আশপাশের ব্যবসায় প্রায় ১০ হাজার কোটি টাকার লোকসানের আশঙ্কা করছে ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই)। কেনাকাটার ব্যস্ত সময়ে রাজধানীতে যানজট ও অবরুদ্ধ পরিস্থিতির উদ্বেগে সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি দিয়ে সমাবেশটি ১০ নভেম্বরের পর পিছিয়ে দেওয়ার আর্জি জানান।

তবে ব্যবসায়ীদের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ীদের উদ্বেগের কথা স্বীকার করেও তিনি স্পষ্ট জানান, জনগণের রায় সুরক্ষিত না থাকলে দোকান, সঞ্চয় কিংবা ভবিষ্যৎ—কোনো কিছুই নিরাপদ থাকবে না। একই সাথে তিনি ক্ষমতাসীন দলকে নিশানা করে মেট্রো বন্ধ ও রাস্তা অবরুদ্ধ করার অভিযোগ তোলেন। সমাবেশ স্থগিতের প্রশ্নের জবাবে রাহুলের স্পষ্ট বার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেন, তবে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই এই সমস্ত বিক্ষোভ কর্মসূচি বন্ধ হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *