একুশের কৌশল নাকি রেজিনগরের ম্যাজিক! কলকাতা পুরভোটে বিজেপির বড় চমক?

বার্তা ডেস্কঃ

আসন্ন কলকাতা পুরভোটে কি আবারও মুসলিম প্রার্থী দাঁড় করাবে বিজেপি, নাকি বজায় থাকবে সাম্প্রতিক উপনির্বাচনের ট্রেন্ড? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোনও মুসলিম প্রার্থী না রেখেও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে গেরুয়া শিবিরের জয় এবং রেজিনগর উপনির্বাচনে বিপুল সাফল্য রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তবে পুরভোট সম্পূর্ণ স্থানীয় সমস্যা কেন্দ্রিক হওয়ায় জাকারিয়া স্ট্রিট, পার্ক সার্কাস বা মেটিয়াবুরুজের মতো প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে উন্নয়নকেই হাতিয়ার করছে দল। ২০২১ সালে কলকাতা পুরভোটে ৯ জন মুসলিম প্রার্থী দেওয়া বিজেপি এবার বিকল্প স্ট্র্যাটেজিতে এগোচ্ছে বলে খবর।

ঐতিহাসিকভাবে কলকাতা পুরসভা শাসকদলের দখলেই থেকেছে, যেমনটা ২০১১ সালের আগে দেখা গিয়েছিল। তবে ২০২৬-এর পালাবদলের প্রেক্ষাপটে শহরের ১০২টি ওয়ার্ডে এগিয়ে থাকার দাবি তুলে বিজেপি নেতারা সংখ্যালঘুদের পাশে পাওয়ার চেষ্টা জোরদার করছেন। দলীয় সূত্রের খবর, কেবল মুসলিম প্রার্থী দেওয়ার পুরনো পথে না হেঁটে এলাকার উন্নয়ন ও সম অধিকারের বার্তা দিয়ে মুসলিম অধ্যুষিত ওয়ার্ডগুলিতে জনভিত্তি শক্ত করার উদ্যোগ চলছে। সব মিলিয়ে, শহরের ছোট লালবাড়ি কার দখলে যাবে এবং গেরুয়া শিবিরের এই কৌশল কতটা সফল হবে, সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *