সরকারি পত্রিকায় রাম-মীরাবাইকে নিয়ে আপত্তিকর কবিতা! প্রশাসনের পদক্ষেপে তোলপাড়।

বার্তা ডেস্কঃ

দিওয়ালি উপলক্ষে গুজরাট সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক থেকে প্রকাশিত বিশেষ পত্রিকার একটি কবিতা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রখ্যাত গুজরাটি কবি আজিজ তানকারভির ‘গুজরাট দীপোৎসব অঙ্ক’ কবিতায় ভগবান রাম এবং সন্ত মীরাবাইকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংস্থাটির দাবি, এই ধরনের রচনা দিওয়ালির মতো পবিত্র উৎসবের আবহে কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর আবেগ ও ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। পরিস্থিতি উত্তপ্ত হতেই এবং বিতর্ক এড়াতে রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ করে পত্রিকার অনলাইন সংস্করণ থেকে উক্ত কবিতাটি সরিয়ে নেয়। বিতর্কিত অংশটির পরিবর্তে স্থান দেওয়া হয়েছে কবি প্রকাশ জালালের ‘জয়ি’ কবিতাটি।

ঘটনার সূত্রপাত ঘটে গত ২৩ অক্টোবর, যখন VHP-র আহমেদাবাদ অঞ্চলের সম্পাদক অশ্বিন প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে শুধু বিতর্কিত রচনাটি বর্জন করাই নয়, কবিতাটি প্রকাশের অনুমোদন দেওয়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানানো হয়। সংগঠনের মূল দাবি মেনে নিয়ে সরকারি প্রকাশনা থেকে কবিতাটি বর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন VHP-র মুখপাত্র হিতেন্দ্রসিংহ রাজপুত। একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে সরকারি যেকোনো প্রকাশনায় রচনা অন্তর্ভুক্ত করার আগে লেখকদের আদর্শ ও পূর্ববর্তী লেখা ভালোভাবে পর্যালোচনা করা উচিত, যাতে কোনো সম্প্রদায় বা সংস্কৃতির প্রতি অবমাননা না ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *