বিচারব্যবস্থায় কি সরকার নিয়ন্ত্রণ চাইছে? তোলপাড় কৌলের মন্তব্যে!

বার্তা ডেস্কঃ

ক্ষমতায় থাকা প্রতিটি সরকারই সাধারণত নিজেদের নীতি ও দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিচারপতিদের পছন্দ করে। ১৯৫০-এর দশক থেকে দেশের বিচারবিভাগের ইতিহাসে এমন প্রবণতা দেখা গিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল। তাঁর আসন্ন স্মৃতিকথা ‘উইদাউট ফিয়ার অর ফেভার’ প্রকাশের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের পছন্দের সঙ্গে খাপ খাইয়ে না নিয়ে বিচারকদের নিজেদের অবস্থানে কতটা অনড় থাকা সম্ভব, সেটাই আসল পরীক্ষা। মামলার বিচারে বিচারকরা স্বাধীন হলেও, বিচারপতি নিয়োগের মতো প্রশাসনিক প্রক্রিয়া ও বিচারব্যবস্থার স্বাধীনতা রক্ষা করার মূল দায়িত্ব যে বিচারকদেরই নিতে হবে, সে কথাও স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

পাশাপাশি, প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে তাঁর মতবিরোধ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন বিচারপতি কৌল। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের কলেজিয়ামে বিচারপতি নিয়োগের প্রস্তাবিত তালিকা ও নির্দিষ্ট কিছু প্রার্থীর নাম নিয়ে আলোচনার আগেই সরকারের অনুমোদন নেওয়ার চেষ্টা হয়েছিল, যা কলেজিয়ামের অভ্যন্তরীণ প্রক্রিয়ার পরিপন্থী। তবে তাঁর এই সমালোচনা চন্দ্রচূড়ের বিচারিক সিদ্ধান্ত নিয়ে নয়, বরং বিচারক নিয়োগের পদ্ধতি ও সরকারের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার অভিযোগ ঘিরেই আবর্তিত হয়েছে। কলেজিয়ামের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমেই প্রার্থীর নাম চূড়ান্ত করে সরকারের কাছে সুপারিশ পাঠানোর ওপর জোর দিয়ে তিনি সতর্ক করেছেন যে, বিচারবিভাগের পবিত্রতা ও স্বাধীনতা বজায় রাখতে বিচারকদের সর্বদা দৃঢ় থাকা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *