চোরবাগান কাণ্ডে চাঞ্চল্য! মণ্ডপের ১৭টি সিসি ক্যামেরা ছিল বন্ধ?
বার্তা ডেস্কঃ
চোরবাগানের পুজো মণ্ডপে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় তদন্তে নেমে চমকে উঠলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, মণ্ডপে বসানো ৩০টি সিসি ক্যামেরার মধ্যে ১৭টিই চালু করা হয়নি। এমনকি ভিড় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্থানপথে থাকা তিনটি ক্যামেরার মধ্যে দুটিই ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। পুলিশ দুটি ডিভিআর বাজেয়াপ্ত করে একটি থেকে মাত্র ১৩টি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই চালু থাকা ক্যামেরাগুলির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই মণ্ডপের ভেতরে সেই ভয়াবহ বিপর্যয় ঘটে যায়, যাতে প্রাণ হারান ১৯ জন দর্শনার্থী এবং আহত হন আরও ২৫ জন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ ও বিশেষ তদন্তকারী দল বা সিট। পুলিশের ফরেনসিক দল বর্তমানে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ একসঙ্গে চালিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করছে। মণ্ডপের শৈলী ও পরিকল্পনা বুঝতে শিল্পী সুশান্ত শিবানী পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। অন্যদিকে, নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে লালবাজারের একাধিক দল মেদিনীপুর, চাকদহ ও দক্ষিণ ২৪ পরগনায় পাঠোনো হয়েছে। এই মর্মান্তিক কাণ্ডে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সিট দ্রুত তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ এগিয়ে নিয়ে চলেছে।