এমিরেটস ও ইতিহাদকে টেক্কা, আকাশপথের ভ্রমণে এবার আভিজাত্যময় আয়ুর্বেদ!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক বিমান পরিষেবার বাজারে বিলাসবহুল সুযোগ-সুবিধা ও প্রিমিয়াম পরিষেবার প্রতিযোগিতা নতুন নয়। এই প্রতিযোগিতায় এবার ভারতীয় সংস্কৃতি ও সুস্থতার ঐতিহ্যকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় বিমান সংস্থা যখন ব্যক্তিগত স্যুট ও আধুনিক সুযোগ-সুবিধার ওপর জোর দিচ্ছে, তখন এয়ার ইন্ডিয়া ফরেস্ট এসেনশিয়ালসের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক উড়ানে নতুন অ্যামেনিটি কিট এবং লাউঞ্জওয়্যার সংগ্রহ চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা দীর্ঘ আকাশপথের যাত্রায় পেতে চলেছেন খাঁটি আয়ুর্বেদের স্পর্শ।
আট ঘণ্টার বেশি দীর্ঘ উড়ান এবং ছয় ঘণ্টার বেশি সময়ের রাতের উড়ানে এই বিশেষ পরিষেবাগুলি পাওয়া যাবে। ত্বকের যত্নের সামগ্রী, সুগন্ধি এবং ভারতীয় শিল্পকলার সমন্বয়ে তৈরি এই কিটগুলির মাধ্যমে যাত্রীরা পাবেন এক অনন্য অভিজ্ঞতা। বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলির বিলাসবহুল পরিষেবার ভিড়ে দেশীয় ঐতিহ্যের এই ছোঁয়া আন্তর্জাতিক বাজারে এয়ার ইন্ডিয়ার ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।