ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কি বিপদ ডেকে আনছেন মুইজ্জু?

বার্তা ডেস্কঃ

দিল্লিকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যসহ প্রায় কুড়িটি চুক্তি স্বাক্ষর করায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সেদেশের বিরোধী রাজনৈতিক শক্তি। প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিরোধী নেতারা সতর্ক করে জানিয়েছেন, কোনো ধরনের দূরদর্শিতা ছাড়াই পাকিস্তানের প্রতি এই অতিরিক্ত প্রীতি প্রদর্শন দ্বীপরাষ্ট্রটিকে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কেন্দ্রে টেনে এনেছে। তাদের আশঙ্কা, এর ফলে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটতে পারে, যা শেষ পর্যন্ত এই ছোট দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপণ্ণ করে তুলতে পারে।

গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সফরে পাকিস্তান গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রেসিডেন্ট মুইজ্জু। এই সফরে সমুদ্র নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা ও দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো স্পর্শকাতর ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পাদিত হওয়ার পরই মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের মতো প্রধান আঞ্চলিক প্রতিবেশীকে এড়িয়ে পাকিস্তানের সঙ্গে দ্বীপরাষ্ট্রের এই আকস্মিক সখ্যতা কেবল নয়াদিল্লির উদ্বেগই বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক ভূরাজনীতিতেও মালদ্বীপের অবস্থানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *