শ্রীরামপুরে রক্তারক্তি, স্ত্রীর পেটে কাঁচি চালাল পাষণ্ড স্বামী!
বার্তা ডেস্কঃ
শ্রীরামপুরের আরএমএস মাঠ অর্থাৎ গান্ধী ময়দানে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এক যুবক তার সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে গুরুতর জখম করে। মাঠের গ্যালারিতে বসে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মুহূর্তের মধ্যে তা রক্তাক্ত রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা মহিলার আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে দ্রুত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে বাঁচাতে গিয়ে আরও এক স্থানীয় ব্যক্তি আক্রান্ত হন। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। শ্রীরামপুর থানার পুলিশ তাকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খেলার মাঠের গ্যালারিটি দীর্ঘদিন ধরে নেশার ঠেক এবং সমাজবিরোধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু যুবক-যুবতী এখানে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পুরসভাকে একাধিকবার এই গ্যালারি ভেঙে ফেলার আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি এবং অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।