বিধানসভায় মুখোমুখি কুণাল-সন্দীপন, সৌজন্য নাকি নতুন সমীকরণ? তুঙ্গে জল্পনা!
বার্তা ডেস্কঃ
বিধানসভার লবিতে তৃণমূলের দুই ভিন্ন শিবিরের দুই বিধায়ক কুণাল ঘোষ এবং সন্দীপন সাহার দীর্ঘ কথোপকথনকে ঘিরে উত্তর কলকাতার রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে যখন কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে এবং দলের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন কমিশনে লড়াই চলছে, সেই সময় এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য পেয়েছে।
সাম্প্রতিক সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং ঋতব্রত শিবিরের সঙ্গে সন্দীপন সাহার সম্পর্কের টানাপোড়েনের খবরের মাঝেই এই সাক্ষাৎ জল্পনা আরও বাড়িয়েছে। আসন্ন পুরভোটের আগে এই ঘটনা নতুন কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে চর্চা চলছে।
তবে, এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সন্দীপন সাহা দাবি করেছেন যে এর মধ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই, এটি নেহাতই বিজয়ার সৌজন্য সাক্ষাৎ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজনীতি মানেই সবসময় সবকিছুতেই রাজনীতি নয়। উনি ঠিক আমার পাশের বিধানসভার বিধায়ক। বিজয়ার পর দেখা হওয়ায় আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি এবং আলিঙ্গন করেছি, এটি একান্তই সৌজন্যমূলক।” নেতারা এটিকে নিছক সৌজন্য বললেও, রাজনৈতিক সমীকরণ বদলের এই আবহে ওয়াকিবহাল মহল একে শুধুই সৌজন্য হিসেবে মানতে নারাজ।