সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মহুয়া মৈত্র, ফের সংসদে ফিরছে সেই বিতর্ক!
বার্তা ডেস্কঃ
বিকল্প বিনিয়োগ তহবিল (AIF), বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী (FPI) এবং ভারতে তাদের মধ্যস্থতাকারীদের প্রকৃত সুবিধাভোগী মালিকদের (Ultimate Beneficial Owner) তথ্য প্রকাশ্যে আনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর আর্জি ছিল, এই বিষয়ে পদক্ষেপ করতে সেবি-কে (SEBI) নির্দেশ দিক শীর্ষ আদালত। কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি বি ভি নাগারত্ন, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি ডি কে উপাধ্যায়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সুবিধাভোগী মালিকদের বিষয়ে সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য দেশে এই মুহূর্তে কোনও আইনি কাঠামো নেই। তাই সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদালত এ ধরনের আবেদন মঞ্জুর করতে পারে না।
শুনানি চলাকালীন বিচারপতি নাগারত্ন উল্টে প্রশ্ন তোলেন, “একজন সাংসদ হিসেবে মহুয়া মৈত্র কেন এই বিষয়টি সংসদে উত্থাপন করে আলোচনার দাবি জানালেন না?” এর উত্তরে মহুয়ার আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদে কোনও বিষয়ে আলোচনা করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি না হওয়ায় আপাতত শীর্ষ আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ।