রামমন্দিরে চুরির তদন্তে কেন নীরব প্রশাসন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল কংগ্রেস!

বার্তা ডেস্কঃ

অযোধ্যার রামমন্দিরে চাঁদা চুরি মামলায় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাল কংগ্রেস। মূল অভিযুক্ত বা ‘রাঘববোয়াল’দের আড়াল করে কেন শুধুমাত্র প্রত্যক্ষদর্শীদের ধরা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির তৈরির সমস্ত কৃতিত্ব দাবি করলেও চাঁদা চুরির ইস্যুতে কোনো দায় নিতে চাইছেন না।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স (X) হ্যান্ডলে এই ঘটনাকে মানুষের ‘আস্থা ও বিশ্বাসের সঙ্গে প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চাঁদা চুরির ঘটনায় আটজন অভিযুক্তের বিরুদ্ধে তৃতীয়বারও চার্জ গঠন করা যায়নি। শুনানির সময় তদন্তকারীরা মন্দিরের অনুদান গোনার ভিডিও এবং অডিও ফুটেজ জমা দিতে ব্যর্থ হয়েছেন। রমেশের প্রশ্ন, সম্পূর্ণ ভিডিও প্রকাশ পেলে কোন গোপন তথ্য সামনে চলে আসবে?

বিজেপি সরকারের বিরুদ্ধে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং নিজেদের নেতাদের বাঁচানোর অভিযোগ তুলেছেন রমেশ। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, চম্পত রাই বা অনিল মিশ্রের মতো রামমন্দির ট্রাস্টের গুরুত্বপূর্ণ সদস্যদের কেন অভিযুক্তের তালিকায় না রেখে শুধুমাত্র সাক্ষী হিসেবে দেখানো হচ্ছে? এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *