কালীপুজো ও বিসর্জনে কলকাতার কোন কোন রাস্তায় লালবাতি, জেনে নিন এখনই!

বার্তা ডেস্কঃ

কালীপুজো ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কলকাতা শহরজুড়ে একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। উৎসবের দিনগুলিতে যানজট এড়াতে এবং শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ কমিশনার অজয় নন্দ বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছেন। আগামী ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত পুজো বহির্ভূত ভারী পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালীঘাট মন্দির সংলগ্ন এলাকাতেও নির্দিষ্ট কিছু সময়ে চাকার যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

প্রতিমা বিসর্জনের জন্য ৯, ১০ ও ১১ নভেম্বর বিশেষ রুট ও নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন। এই তিন দিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার পাশাপাশি বিকেল ৪টে থেকে রাত ৩টে পর্যন্ত বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। বাবুঘাট, বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে প্রতিমা নিয়ে যাওয়া ও বিসর্জন শেষে খালি গাড়ি ফেরার জন্য আলাদা রাস্তা নির্দিষ্ট করা হয়েছে। উচ্চতার সীমাবদ্ধতার কারণে কালীঘাট ও জিরাট ব্রিজে প্রতিমা বহনকারী গাড়ি নিষিদ্ধ থাকবে। অপ্রয়োজনে নির্দিষ্ট রাস্তাগুলি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *