গঙ্গাসাগর মেলায় ভিআইপি কালচার বিদায়, পুণ্যার্থীদের জন্য বড় সুখবর!

বার্তা ডেস্কঃ

আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং নিরাপত্তা নিশ্চিতে বড়সড় পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, এবার মেলায় ভিআইপি-দের জন্য বিশেষ কোনো অগ্রাধিকার থাকবে না। সাধারণ মানুষের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও একই পরিষেবা পাবেন। ভিড় সামলাতে ও দুর্ঘটনা এড়াতে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার ক্ষেত্রে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে যাতায়াতের জন্য অতিরিক্ত ভেসেল, আধুনিক স্নানের ঘাট এবং থাকার জন্য তৈরি করা হচ্ছে কয়েক লক্ষ অস্থায়ী তাঁবু। এছাড়াও মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানীয় জল ও ভাণ্ডারার আয়োজন থাকবে।

পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত সমগ্র অঞ্চলে আধুনিক প্রযুক্তির সাহায্যে জোরদার নজরদারির সিদ্ধান্ত হয়েছে। মেলার প্রাঙ্গণ এবং পারাপারের জলপথে নজর রাখতে এআই, সিসিটিভি ক্যামেরা ও হেলিকপ্টার ব্যবহার করা হবে। রাজ্য প্রশাসনের পাশাপাশি আকাশ ও জলপথে সেনাবাহিনীর যৌথ নজরদারির পরিকল্পনাও রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে থাকবে অসংখ্য স্বেচ্ছাসেবক ও অনুসন্ধান কেন্দ্র। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা ও নিরাপত্তার সার্বিক দিক খতিয়ে দেখতে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *