ধুলিয়ানে সিআইডি এনকাউন্টার কাণ্ড: তদন্তে ৫ সদস্যের সিট!

বার্তা ডেস্কঃ

সামশেরগঞ্জে সিআইডি ইনস্পেক্টরের গুলিতে সামাউল হক নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিশ। গত ২৭ অক্টোবর দুপুরে সামশেরগঞ্জে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের দাবি, বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুন মামলার অন্যতম অভিযুক্ত সামাউলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের সময় এই বিপত্তি ঘটে। সিআইডির গুলিতে তার মৃত্যুর পর থেকেই চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতেই মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিপুরের সার্কেল ইনস্পেক্টর স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই ৫ সদস্যের সিটে আরও রয়েছেন ফরাক্কা এসডিপিও দিবেন্দু তামাং এবং সুতির ও সামশেরগঞ্জের তিন জন সাব-ইন্সপেক্টর।

অন্যদিকে, নিহত সামাউলের পরিবার এবং মানবাধিকার কর্মীরা এই পুলিশি তত্ত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। মৃত সামাউলের স্ত্রীর দাবি, হেফাজত থেকে অভিযুক্তের পালানোর চেষ্টা করার গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি পরিকল্পিত ঘটনা। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পুলিশ তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ বা তদন্তের বিষয়ে কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার আশ্বাস দিলেও, পরিবারটি এখনও কোনো আনুষ্ঠানিক পালটা অভিযোগ দায়ের করেনি। রাজ্য পুলিশের ডিআইজি অজিত সিংহ যাদবের নির্দেশিকায় গঠিত এই নতুন সিট কীভাবে এই জটিল মামলার জট খোলে এবং প্রকৃত সত্য সামনে আনে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *