নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন আর্শদীপ, ফাঁস করলেন রহস্য!
বার্তা ডেস্কঃ
উইকেট শিকারের পর কেন নাচলেন আর্শদীপ? রহস্য ফাঁস করলেন ভারতীয় পেসার
ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট নেওয়ার পর ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের মাঠের মধ্যেই নাচের ভঙ্গিতে সেলিব্রেশন নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। সেই অভিনব উদযাপনের পেছনের রহস্য এবার নিজেই ফাঁস করলেন তরুণ এই বোলার।
ম্যাচের ৩২তম ওভারে কিউই ব্যাটার কাইল জেমিসনকে আউট করার পর আর্শদীপকে হালকা মেজাজে নাচতে দেখা যায়। ইনিংসের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই বিশেষ উদযাপনটি তিনি তাঁর বান্ধবীকে উৎসর্গ করেছেন।
আর্শদীপ বলেন, “এই সেলিব্রেশন আমার বান্ধবীর জন্য। আমরা দুজনে এই নাচের স্টেপটি করি। যখনই আমাদের মন খারাপ থাকে, একে অপরের মন ভালো করার জন্য এই ভঙ্গি ব্যবহার করি।”
উল্লেখ্য, আর্শদীপ সিং ও মডেল-অভিনেত্রী সামরিন কউরের সম্পর্কের বিষয়টি এখন আর গোপন নয়। চলতি বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁরা নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সেই পোস্টে ক্যাপশন হিসেবে ‘মাই পারসন’ লিখেছিলেন তাঁরা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর এবার মাঠের সেলিব্রেশনের মাধ্যমেও সেই সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এল।