দিঘার প্রসাদ থেকে বচ্চনের জন্মদিন, টেন্ডার দুর্নীতিতে বিপাকে ইন্দ্রনীলের মেয়ে!
বার্তা ডেস্কঃ
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের জন্মদিন পালন— পর্যটন দপ্তরের কোটি কোটি টাকার টেন্ডারে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজো পাস বিক্রি এবং গত পাঁচ বছরে প্রায় ১৫০টি টেন্ডার ইন্দ্রনীল সেনের নিয়ন্ত্রণাধীন তিনটি সংস্থাকে দেওয়ার অভিযোগের তদন্তে নেমেছে লালবাজারের ‘সিট’। তদন্তকারীদের দাবি, ওই দুর্নীতির টাকা প্রাক্তন মন্ত্রীর স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো। তবে টানা দুই দিন অসুস্থতার অজুহাতে লালবাজারের তলব এড়িয়ে গেছেন ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন।
বুধবার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে দ্বিতীয় নোটিশ কার্যকর করেছে এবং বৃহস্পতিবার পুনরায় হাজিরার নির্দেশ দিয়েছে। লালবাজারের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এবারও তলবে সাড়া না দিলে আভেরি সেনকে গ্রেপ্তার করা হতে পারে। এদিকে জেরার মুখে ইন্দ্রনীল সেন জানিয়েছেন, এই দুর্নীতির বিষয়ে কেবল তাঁর স্ত্রী-ই বিস্তারিত বলতে পারবেন, তিনি নিজে কিছুই জানেন না। ঘটনার গভীরতা বাড়ায় পুলিশ এখন ইন্দ্রনীলের স্ত্রীর ওপর নজর রাখছে এবং মামলাটিতে নতুন ‘এমপিও’ (MPO) আইন প্রয়োগের বিষয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করেছে।