গণতন্ত্র নাকি মবোক্রেসি, কৃষ্ণনগরের সভা থেকে শাসকদলকে তুলোধোনা শমীকের!
বার্তা ডেস্কঃ
কৃষ্ণনগরে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আয়োজিত প্রতিবাদ মিছিলে কর্মীরা ‘ককরোচ পার্টি’র নেতাদের কুশপুতুল দাহ করেন। সভা থেকে পরিবারতন্ত্র, দুর্নীতি ও স্বৈরাচারের অভিযোগ তুলে শমীক দাবি করেন, পরিবারতন্ত্র থেকেই চরম দুর্নীতি ও অরাজকতার জন্ম হয়। কিছু অশুভ শক্তি বিদেশি সহায়তায় দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তিনি স্পষ্ট বার্তা দেন, ভারতের গণতন্ত্রের ভিত অত্যন্ত গভীর এবং কোনোভাবেই উচ্ছৃঙ্খল জনতার শাসন বা ‘মবোক্রেসি’ গণতন্ত্রের বিকল্প হতে পারে না।
একইসঙ্গে বাম ও কংগ্রেসকে অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, বাংলার যুবসমাজ আজ কাজ না পেয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে। মানুষ বোমাবাজির রাজনীতি নয়, শিল্প ও কর্মসংস্থান চায়। সভায় নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্বও দেশবিরোধী শক্তিকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই বিজেপির পক্ষ থেকে জারি থাকবে বলে কৃষ্ণনগরের সমাবেশ থেকে একযোগে বার্তা দেয় দলীয় নেতৃত্ব।