ছট পুজোয় মালদহে বড় নাশকতার ছক, মন্ত্রীর বিস্ফোরক দাবিতে শোরগোল!

বার্তা ডেস্কঃ

ছট পুজোর সময় মালদহে চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, অতীতে ক্ষমতার থাকা ব্যক্তি ও কিছু অসাধু চক্র এই নাশকতার পেছনে যুক্ত রয়েছে। মালদহ শহরের মহানন্দা নদীর তীরবর্তী মিশন ঘাটে ছট পুজোর বিশাল আয়োজনে লক্ষাধিক মানুষের জমায়েত ও মেলা বসে। এই এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি জেলাশাসক, পুলিশ সুপার এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়িকে সঙ্গে নিয়ে নদী ঘাট এলাকা ও নৌকায় চড়ে সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখেছেন মন্ত্রী। সরকারের বদনাম করতে এবং বিভ্রান্তিমূলক প্রচার চালাতেই ক্ষমতাচ্যুত ব্যক্তিরা এই অন্তর্ঘাতের চেষ্টা করছে বলে তাঁর মত। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ভিড়ের মধ্যে বিভ্রান্তিমূলক মাইকিং বা গুজব ছড়ানোর চেষ্টা করলে অভিযুক্তদের দ্রুত পাকড়াও করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *